
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোররাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। আটককৃতরা হলেন—একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা পরিত্যক্ত পুকুরে পড়ে তলিয়ে যায়। তার সঙ্গীরা পুকুরে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি ফিরে যায়।
পরবর্তীতে রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্দেহবশত আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডাব পাড়তে যাওয়া এবং পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে।
খবর পেয়ে আজ ভোররাতে পুলিশ আওলাদ মোল্লার পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা