
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা সার্বিকভাবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঐ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।