
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের চরমোনাইতে কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় মো. সাঈদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
এর আগে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাঈদ বরিশাল সদর উপজেলার রাজারচর এলাকার মো. মোক্তারের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১০ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে ও চাকুর ভয় দেখিয়ে জোরপূর্বক ইলিয়াস নামের এক প্রতিবেশীর ঘরের দোতলায় নিয়ে যায়। সেখানে সাঈদ, ইলিয়াস ও রুহুল আমিন ভোররাত পর্যন্ত তাকে পর্যায়ক্রমে নির্যাতন করে এবং তার কানের দুল ছিনিয়ে নেয়। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় গত ১৬ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরই অভিযানে নেমে গত ১৬ জুলাই রাতে ঘটনার অন্যতম আসামি রুহুল আমিন আঁকনকে (২৯) গ্রেপ্তার করে পুলিশ। র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত অন্য দুই আসামিকে পুলিশ ও অন্যান্য সংস্থার সহায়তায় আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানান, এ মামলার পলাতক বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা