
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে দিপালী সিনহা (৩৩) নামে এক মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৬) রাত প্রায় ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলার পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।
নিহত দিপালী সিনহা উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও এলাকার বিমানন্দ সিনহার মেয়ে এবং উত্তর বালিগাঁও গ্রামের রাজিব কুমার সিংহের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দিপালী সিনহার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। প্রতিবেশীদের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে মতবিরোধের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন।
নিহতের ছোট ভাই দিপক সিংহ জানান, ঘটনার আগে বোনের সাথে কথা হলে সে সিলেটে রথযাত্রা দেখতে যাওয়ার ইচ্ছার কথা জানায়। পরে আবার জানায়, তার স্বামী যেতে নিষেধ করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।
অন্যদিকে নিহতের স্বামী রাজিব কুমার সিংহ দাবি করেন, তাঁর স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল। তিনি বলেন, "ছোটখাটো বিষয়েও সে অভিমান করত, তবে এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি।"
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, ঘটনাটির আসল কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লিখিত অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা