
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার তেল পাম্পগুলোতে হঠাৎ করেই পেট্রল কিনতে মোটরসাইকেল চালকদের অভূতপূর্ব ভিড় ও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। গুজবের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাত ১২টার পর শহরের অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রল বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয় পাম্প কর্তৃপক্ষ।
গতকাল রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যার পর প্রথম জেলার দৌলতপুর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের অস্বাভাবিক লাইনের খবর পাওয়া যায়। এরপর রাত ১০টার পর থেকে কুষ্টিয়া শহরের তেল পাম্পগুলোতে একই চিত্র দেখা যায়। বাইকাররা একসঙ্গে হুড়োহুড়ি করে পেট্রল নিতে আসায় কর্মচারীদের রীতিমতো হিমশিম খেতে হয়।
শহরের ‘কুষ্টিয়া স্টোর’ নামক তেল পাম্পে পেট্রল কিনতে আসা আব্দুল জলিল নামের এক চালক জানান, "সন্ধ্যার পর থেকে চারদিকে খবর ছড়ায় যে আবারও তেলের তীব্র সংকট দেখা দিতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে আগেভাগেই পেট্রল নিতে এসেছি।" হাফিজ উদ্দিন নামের আরেক চালক বলেন, "সবাইকে পাম্পের দিকে ছুটতে দেখে আমিও বাধ্য হয়ে চলে এসেছি।"
তবে জ্বালানি তেলের সংকটের এই দাবি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে পাম্প কতৃপক্ষ। শহরের মোজাফফর ফিলিং স্টেশনের ম্যানেজার আল মামুন জানান, "তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কে বা কারা তেলের সংকটের গুজব ছড়িয়েছে তা আমাদের বোধগম্য নয়। পরিস্থিতি সামাল দিতেই রাত ১২টার পর বিক্রি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।"
উপজেলা শহরের পাম্পগুলো থেকেও একই ধরনের বিভ্রান্তিকর গুজবে চালকদের ভিড় জমানোর খবর পাওয়া গেছে।
এআইএল/সকালবেলা