
সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “সমাজের নিকৃষ্ট মানুষেরাই আওয়ামী লীগের রাজনীতি করে, কোনো ভদ্রলোক তা করতে পারে না। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু মানুষ আত্মাহুতি দিয়েছেন। তাঁদের সেই মহান আত্মত্যাগের মাধ্যমেই আজ দেশবাসী গণতন্ত্র ফিরে পেয়েছে এবং মানুষ মন খুলে ভোট দিতে পেরেছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলটির ভূমিধস বিজয় অর্জিত হয়েছে।”
আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, “আজকে আমরা কিছুটা নমনীয় মনোভাব দেখানোর কারণে শুনছি আওয়ামী লীগের সেই হন্তারক ও মাস্তানেরা আবারও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এই দলটি শুধু গত ১৭ বছরেই ক্ষতি করেনি, দেশের জন্মলগ্ন থেকেই তারা ধ্বংসাত্মক রাজনীতি করে আসছে। আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই দেশের ক্ষতি সাধন করে।”
তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, “১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে সাধারণ তাঁতীরা সুতা পেত না। সুতা পেত ওই এলাকার দলীয় হন্তারক ও মাস্তানেরা। ফলে সাধারণ তাঁতীদের চড়া দামে সুতার গাইড কিনতে হতো এবং তার ওপর অতিরিক্ত খাজনাও দিতে হতো। যখন বাংলাদেশে কেউ এই টেক্সটাইল ব্যবসায় নামেনি, তখন আমি নেমেছিলাম এবং সাধারণ তাঁতীদের কষ্ট খুব কাছ থেকে দেখেছি।”
বিএনপির নতুন সরকারের পরিকল্পনা তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, “আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদার ও লিবারেল মনোভাবের। তিনি দেশকে ভালোবাসেন এবং দেশের অভ্যন্তরে কোনো বিভক্তি চান না। তিনি একটি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চান। আমরা দেশকে যুদ্ধবিধ্বস্ত অবস্থার মতো সংকট থেকে টেনে তোলার চেষ্টা করছি, যেখানে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, “জনগণের উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং দলকেও সুসংগঠিত করতে হবে। রাজনীতিতে ‘কী পেলাম’ সেই হিসাব করলে চলে না, বরং ‘দেশকে কী দিলাম’ সেটাই আসল রাজনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার প্রশ্ন করা হয়েছিল—যাঁরা আপনার ওপর নির্যাতন করেছে, আপনার মায়ের ওপর জুলুম করেছে, তাঁদের ওপর কি প্রতিশোধ নেবেন না? তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমার মা বেঁচে থাকলে বলতেন—ওদের কাজ ওরা করেছে, তোমার কাজ তুমি করো।’ এটাই হলো জিয়াউর রহমানের পরিবারের মহৎ শিক্ষা।”
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এআইএল/সকালবেলা