
মোঃ মাইনুল হক, নীলফামারী: আনন্দ-উৎসবের রেশ কাটতে না কাটতেই একটি পরিবারে নেমে এলো চরম শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে নীলফামারীর কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুইজনের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে শিশু জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। নিহত রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫-১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগিপাড়ায় কনের বাড়িতে যায়। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) ভোরে নববধূকে নিয়ে বরযাত্রীদল বাড়ি ফিরছিল। পথিমধ্যে মাইক্রোবাসটি কিশোরগঞ্জের শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি সড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাত মাসের শিশু জীবন ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদের মৃত্যু হয়। এ সময় বর ও কনেসহ গাড়িতে থাকা আরও অন্তত ১২ জন কমবেশি আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কিশোরগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এআইএল/সকালবেলা