
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আক্তারনগর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগে করিম মিয়া নামে এক ব্যক্তির বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত গ্রামবাসী মিলে এই উচ্ছেদ অভিযান চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে করিম মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। গতকাল বিকেলে এলাকাবাসী একতাবদ্ধ হয়ে আক্তারনগর বাজার সংলগ্ন করিম মিয়ার বাড়িতে যান। স্থানীয়দের দাবি, সেখানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর সবার সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর অস্থায়ী বসতবাড়িটি উচ্ছেদ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, করিম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিলেন। এর ফলে স্থানীয় যুবসমাজ বিপথগামী হয়ে পড়ার বড় আশঙ্কা তৈরি হয়। এর আগেও তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি পুনরায় একই অপকর্মে লিপ্ত হন। তবে উচ্ছেদের সময় করিম মিয়া নিজের ভুল স্বীকার করে সবার সামনে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর কখনোই মাদক ব্যবসার সাথে জড়িত হবেন না বলে অঙ্গীকার করেন।
এলাকাবাসী জোর দিয়ে বলেন: "আমরা যেকোনো মূল্যে একটি মাদকমুক্ত শান্তিময় সমাজ চাই। আমাদের এলাকার যুবসমাজ যেন মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পায় এবং সুন্দর জীবন গড়তে পারে, সেটাই আমাদের লক্ষ্য। মাদকের কারণে পরিবার ও সমাজে যে অস্থিরতা ও অপরাধের সৃষ্টি হয়, তা বন্ধ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।"
এই উচ্ছেদের বিষয়ে নাসিরনগর থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে বাঁচাতে প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এই সামাজিক প্রতিরোধ আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
এআইএল/সকালবেলা