
ফেনী প্রতিনিধি: ফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) ও তাঁর সহযোগী মো. আবুল হোসেন (৪৬) নামের দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে শহরের দাউদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মামুন ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে এবং আবুল হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের আবদুস সালামের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের দাউদপুর সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মো. মামুনকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তাঁর মাদক ব্যবসার সহযোগী মো. আবুল হোসেনকেও হাতেনাতে আটক করা হয়।
এই অভিযানে মাদক চালানের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দুজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মো. মামুনের দলীয় পদের বিষয়ে জানতে চাইলে জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবণ জানান, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদের জন্য ফরম জমা দিয়েছেন, যা এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ওই অবস্থায় রয়েছে।
এআইএল/সকালবেলা