
অনলাইন ডেস্ক: সরকারি আবাসন পরিদপ্তর, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা ও ঢাকা ওয়াসাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই পরিবর্তন নিশ্চিত করা হয়।
একই প্রজ্ঞাপনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তাকে দুই বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রশাসনিক এই রদবদলের অন্যান্য সিদ্ধান্তগুলো নিচে তুলে ধরা হলো:
ওএসডি ও বদলি: অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা ওয়াসা: বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আবাসন পরিদপ্তর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি ওই মন্ত্রণালয়েই ন্যস্ত করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর: নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৭ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় সেদিন থেকেই তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
রাজশাহী ওয়াসা: রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়ে চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকেও ১৭ জুনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত হবেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাকে আগামী ১৬ জুনের মধ্যে অবমুক্তির শর্তে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।