
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে সদ্য ঘোষিত সর্ববৃহৎ বাজেটে নারীদের গ্র্যাজুয়েশন (স্নাতক) পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। কারিগরি ও নারীশিক্ষার প্রসারে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি নারীশিক্ষার অগ্রগতিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ শীর্ষক এক সুধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সব নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের জন্য বৈষম্যহীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে দেশের উন্নয়নে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব বৃক্ষের চারা বিতরণ করেন।