
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাঙ্গা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী পরিমল ভক্তের বাড়ির পাশে যায়। এ সময় পরিমল ভক্ত ফাঁকা বাড়িতে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে যায় এবং দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমলকে আটক করে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের এজাহারের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”
তিনি আরও জানান, আজ মঙ্গলবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণে তৎপর রয়েছে।
এআইএল/সকালবেলা