
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মো. কারিম (৩০) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলা শহরের ব্যস্ততম ছোট বাজার এলাকায় এক যুবক উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এবং গোপন তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে যে, সে একজন রোহিঙ্গা নাগরিক এবং কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকার শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে নেত্রকোনায় এসেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তি একজন রোহিঙ্গা নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে সে শরণার্থী ক্যাম্পের নিয়ম ভঙ্গ করে কী উদ্দেশ্যে এবং কার সহায়তায় এত দূর নেত্রকোনা জেলা শহরে এসেছে, তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। তার পরিচয় ও অন্যান্য তথ্য আরও নিখুঁতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।”
আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে পুনরায় সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো বা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।
এআইএল/সকালবেলা