
আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কুচিয়ামোড়া গ্রামের ফজল কোম্পানির বাড়ির পাশের সিঁড়িঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে সিরাজদিখান থানার পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে প্রকাশ্য স্থানে জুয়া খেলার সময় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিপুল পরিমাণ সরঞ্জাম এবং আসর থেকে নগদ ২ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— পলাশপুর গ্রামের রাজা মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের মো. বিপ্লব (৫০), কুচিয়ামোড়া গ্রামের আব্দুল জলিল (৩৭), পথারঘাটা গ্রামের সেন্টু (৩০), কুচিয়ামোড়া গ্রামের মো. হুমায়ুন শেখ (৫০), একই গ্রামের মৃত মো. ইমদাদুল হকের ছেলে মো. বকুল (৪৮) এবং লৌহজং উপজেলার খৈওরা গ্রামের মো. সোহাগ (৪৮)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এলাকায় জুয়া, মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা