
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে বখাটেরা।
গতকাল সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
নিহতের ভাগনে সাদ্দাম হোসেন জানান, ইমামুল হোসেনের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও উত্যক্ত করে আসছিল একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার (৪ জুন) ওই কিশোরীকে বখাটে রাব্বি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দেয়। একজন দাদা হিসেবে ইমামুল হোসেন এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করেন এবং বখাটে যুবকের পরিবারকে জানান। এতে রাব্বি ও তার সহযোগীরা ইমামুলের ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের একটি দোকানের পেছনে ইমামুল হোসেনকে একা পেয়ে ওত পেতে থাকা রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে ইমামুলকে রক্তাক্ত ও গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইমামুল হোসেনকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বলেন, “পিঠের ডান পাশে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতজনিত কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।”
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, “নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত বখাটে রাব্বিসহ সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
এআইএল/সকালবেলা