
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পরে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর এলাকার আব্দুল হাদিসের ছেলে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার ডহরগাঁও এলাকার এক ভাড়াটিয়া বাড়িতে মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর বসবাস করতেন। সেখানেই তিনি শিশু-কিশোরদের আরবি বিষয়ে প্রাইভেট পড়াতেন। আজ সোমবার দুপুরে শিশুটি তার সহপাঠীদের সাথে নিয়ে ইসানুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এ সময় ওজু শেখানোর নাম করে ইসানুর ওই শিশুটিকে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটির ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ইসানুরকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারকৃত মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।