
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও অডিওর বিস্তার ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় উত্থাপিত এক নোটিশের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে পরিচালিত আইডি-পেজ, বট নেটওয়ার্ক এবং এআই প্রযুক্তিনির্ভর কনটেন্টের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুদের অনলাইন হয়রানিও বাড়ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের মাধ্যমে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্টের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হবে। একই সঙ্গে এ ধরনের কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হবে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর বা মানহানিকর কনটেন্ট তৈরির বিষয়গুলোও আইনের আওতায় আনা হবে। এছাড়া আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ও নতুন সংশোধনীতে অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রী জানান, বিদ্যমান আইনে মেটার মতো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট অপসারণে বাধ্য করার সুযোগ নেই। তবে নতুন আইনে ক্ষতিকর কনটেন্ট অপসারণ, ব্লক বা স্থানান্তরের ক্ষেত্রে সময়সীমাভিত্তিক ব্যবস্থা ও জবাবদিহির বিধান যুক্ত করা হবে।
এ সময় অনলাইন জুয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে এখনও পুরোনো আইন দিয়ে জুয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর জুয়ার বিস্তার রোধে নতুন ‘জুয়া প্রতিরোধ আইন’ প্রণয়নের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।