
চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিয়ের মাত্র দুই মাসের মাথায় স্বামীকে ভিডিও কলে (লাইভে) রেখে শেফা (১৮) নামে এক নববধূর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি, যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতন করায় ওই গৃহবধূ আত্মহননের পথ বেছে নিয়েছেন।
গতকাল রোববার (৭ জুন) রাতে চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকায় বাবার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শেফা কুটিপাড়া এলাকার মুজিবুল ইসলামের মেয়ে। তাঁর স্বামী খালিদ বিন ওয়ালিদ ওরফে সেতু উপজেলার চুটারহুদা গ্রামের মিন্টুর ছেলে। সেতু চৌগাছা শহরের আকবর মার্কেটের ‘বেস্ট ওয়ান’ নামে একটি কাপড়ের দোকানের মালিক।
শেফার পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে পারিবারিকভাবে সেতু ও শেফার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই সেতু ও তার পরিবারের সদস্যরা প্রথমে ব্যবসা সম্প্রসারণের জন্য এবং পরবর্তীতে বিদেশ যাওয়ার অজুহাতে শেফার পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করে আসছিল। মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় শেফাকে নানাভাবে টর্চার (নির্যাতন) করা শুরু হয়।
একপর্যায়ে শ্বশুরবাড়ির উপর্যুপরি নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসেন শেফা। গতকাল রোববার রাতে চরম ক্ষোভ ও অভিমান থেকে স্বামী সেতুকে ভিডিও কলে লাইভে রেখে নিজের ঘরে গলায় রশি দিয়ে ঝুলে পড়েন তিনি। টের পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, মেয়েটির হাতের মেহেদির রং এখনও ভালো করে শুকায়নি, তার আগেই যৌতুকের বলী হয়ে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা