
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে থানা-পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) এবং ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)।
কেশবপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিয়মিত মামলার আসামি ধরার অংশ হিসেবে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযানে নামে। অভিযানকালে উপজেলার হাবাসপোল গ্রাম থেকে আনোয়ারুল ইসলামের ছেলে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীনকে গ্রেফতার করা হয়। একই রাতে শ্রীফলা গ্রাম থেকে মৃত শওকত আলী খানের ছেলে মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা সালাউদ্দীন এবং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের যশোর আমলি আদালতে সোপর্দ করা হচ্ছে।” এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এআইএল/সকালবেলা