
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামে এক কলেজ শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) তনয় কুমার, তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে এই ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসী হামলার অভিযোগ এনেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামানিক বাদী হয়ে বাগমারা থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশী দ্বীনেশ চন্দ্র প্রামানিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ উঠেছে, দ্বীনেশ চন্দ্রের ছেলে এসআই তনয় কুমারের প্রত্যক্ষ নির্দেশে তাঁর বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক বহিরাগত লাঠিয়াল বাহিনী ভাড়া করেন।
গত রবিবার পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী ও নুরুল ইসলামসহ ১০-১২ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রভাষক বিধান চন্দ্রের বসতবাড়িতে হামলা চালায়। তারা প্রভাষকের একটি পাকা ঘর ও টিনের চালা ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে প্রভাষকের বৃদ্ধ বাবা ও মাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি কর্মস্থলে ছিলাম, বাড়িতে ছিলাম না।”
তবে তাঁর বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রায় ৫-৬ বছর আগে নীরেন্দ্রনাথ প্রামানিক বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আমার পৈতৃক সম্পত্তি জবরদখল করে পাকা গোয়াল ঘর নির্মাণ করেন। এ নিয়ে একাধিকবার আমিন দিয়ে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণের কথা বলা হলেও তাঁরা কোনো কর্ণপাত করেননি। উল্টো আমাদের হুমকি দেওয়া হতো। তাই এলাকার লোকজনের সহায়তায় আমি আমার পৈতৃক সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে গিয়েছিলাম, সেখানে কেবল বাকবিতণ্ডা হয়েছে।”
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৈতৃক সম্পত্তি বা জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা