
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকালের দিকে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকার একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার ওই গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মুক্তা আক্তার পারিবারিক কাজে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে সল্লা এলাকার ওই অরক্ষিত রেলক্রসিংটি পার হওয়ার সময় ঢাকা অভিমুখী দ্রুতগতিতে ছুটে আসা চিলাহাটি এক্সপ্রেস বা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যান তিনি। ট্রেনের তীব্র ধাক্কায় ছিটকে পড়ে চাকার নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম প্রামাণিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে কান্নার রোল পড়েছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে ওই রেলক্রসিংয়ে দ্রুত গেটম্যান নিয়োগসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অরক্ষিত ক্রসিংয়ের কারণেই এই রেলপথে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।
এআইএল/সকালবেলা