
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৩ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার রাজবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মোঃ পাপ্পু রাজ হাসান (৩৫) এবং সম্রাট (২০)।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পুঠিয়া থানাধীন রাজবাড়ী এলাকায় অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল উক্ত মাদক কারবারিদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে।
পরবর্তীতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের আভিযানিক দলটি রাজবাড়ী এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করে সন্দেহভাজন পাপ্পু রাজ হাসান ও সম্রাটকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করা হলে তাদের প্যান্টের পকেট থেকে ১২৩ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ ও অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানিয়েছে, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি মাদক, অস্ত্র ও সঙ্ঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত আপসহীন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এই ট্যাপেন্টাডল সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা