
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি এ বিষয়ে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড বিতরণ করা হচ্ছে। তবে অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো যোগ্যতা নেই।
তিনি আরও বলেন, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই তথ্য প্রচার করা হচ্ছে। কারা সাংবাদিকতার পরিচয় দিচ্ছে এবং তাদের যোগ্যতা কী—এসব বিষয় তদন্ত করা প্রয়োজন।
জয়নুল আবদিন ফারুক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব বিষয় মন্ত্রণালয়ের আওতায় এনে কার্যকর নীতিমালা করা উচিত।
তার বক্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কাজ করছে। নিবন্ধনবিহীনদের মাধ্যমেই অনেক ভুয়া তথ্য ছড়ানো হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এ ধরনের অপতৎপরতা রোধে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা বিষয়টি পর্যবেক্ষণ করছে।