
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঞ্জু (৩৩) নামে এক হোটেল কর্মচারীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
আজ সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মঞ্জু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং স্থানীয় ‘আলিফ কাচ্চি রেস্টুরেন্টে’ কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের (টিউবওয়েল) সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছাকাছি যান। একপর্যায়ে শিশুটিকে একা পেয়ে তিনি জোরপূর্বক জাপটে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান। দূর থেকে শিশুটির মা ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিয়ে অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয়।
তবে গায়ে হাত দেওয়ার অভিযোগ অস্বীকার করে আটক মঞ্জু দাবি করেন, “আমি গত দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছি। সকালে ডিউটি শেষ করে নয়াকান্দি গ্রামের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম। নলকূপের পাশে শিশুটিকে একা দেখে শুধু তার নাম জিজ্ঞেস করেছিলাম। কিন্তু কোনো কিছু না বুঝেই স্থানীয়রা চোর ও লম্পট বলে আমাকে মারধর শুরু করে। আমি কোনো অনৈতিক কাজ করিনি।”
খবর পেয়ে গজারিয়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নয়াকান্দি গ্রামে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটকে রেখেছে—এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। গণধোলাইয়ে আহত হওয়া অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ বা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা