
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিলেই দায়মুক্তি পাওয়া যাবে না।
সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) পক্ষ থেকে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখভাল করা সরকারের দায়িত্ব। তাই কোনো প্রতিষ্ঠান আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। বর্তমানে দেশের ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে ওষুধ রপ্তানি আরও সম্প্রসারিত হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত সরকারের সময়ে স্বাস্থ্য সরঞ্জাম ও ভ্যাকসিন উৎপাদনে পর্যাপ্ত অগ্রগতি হয়নি। তবে পরবর্তীতে বেসরকারি খাতের সহযোগিতায় স্বাস্থ্য সংকট মোকাবিলা সম্ভব হয়েছে।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মৌসুম সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আক্রান্তের হার কমাতে বিভিন্ন কার্যক্রম চলছে।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যখাত প্রস্তুত রয়েছে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।