
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার জানান, রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতায় ভুগছেন। পরে তাঁকে কার্ডিয়াক ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরবর্তী চিকিৎসা ও অবস্থার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।