
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি সড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটে। চারজন নিহত হয়েছেন।” তিনি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।