
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৭ জুন) বিকেলের দিকে মৌলভীবাজার সদর মডেল থানাধীন চাঁদনীঘাট এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি চৌকস দল চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়া বাসায় ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় বাসাটি তল্লাশি করে ১২০ পিস ক্ষতিকর ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাদক ব্যবসায়ীর এক সহযোগী আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "জেলায় মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর সহযোগী আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।"
এআইএল/সকালবেলা