
হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘাঘরকান্দা খেয়াঘাট সংলগ্ন বাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। মাদকসেবী ও দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
গত ১ জুন সন্ধ্যা ৭টার দিকে এই সহিংস ঘটনাটি ঘটে। সরেজমিনে আজ এলাকায় গিয়ে দেখা যায়, হামলায় কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও চোরাকারবারি প্রতিরোধে কাজ করে আসছে ‘আলোরপথ মাদকবিরোধী ক্লাব’ নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনের নেতাদের দাবি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর প্রত্যক্ষ সহযোগিতায় সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই সংগঠনটি গড়ে ওঠে। সভাপতি খলিল গাজী ও সাধারণ সম্পাদক জসিমউদ্দীনের নেতৃত্বে এর আগেও বেশ কয়েকজন মাদকসেবী ও চোরাকারবারিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সংগঠনের সদস্যদের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় তিনজন চিহ্নিত চোরাকারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল। এ খবর পেয়ে কাঠি গ্রামের আনোয়ার মেম্বারের নেতৃত্বে একদল সশস্ত্র লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক তাদের ওপর হামলা চালায় এবং আটককৃত মাদক কারবারিদের জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। হামলায় বাধা দিতে গেলে সংগঠনের সদস্যদের বেধড়ক পিটিয়ে জখম করা হয় এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়।
এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই ইতিমধ্যে কোটালিপাড়া থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
তবে পুলিশের সামনে থেকে চোরাকারবারিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগটি অস্বীকার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। এ বিষয়ে কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “পুলিশের উপস্থিতিতে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা