
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মাদকবিরোধী আন্দোলনের নামে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার (৬ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ ও সতর্কতামূলক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে এমপি বাবুল উল্লেখ করেন, সম্প্রতি তাঁর নির্বাচনী এলাকায় (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) মাদকবিরোধী সামাজিক কর্মসূচির নামে কিছু অতিউৎসুক ব্যক্তি কর্তৃক ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অভিযুক্ত ব্যক্তিদের ধরে মারধরের মতো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে; যা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
তিনি স্পষ্ট করে বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই আপসহীন ও কঠোর। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা তৈরি এবং মাদক ব্যবসায়ীদের সম্পর্কে প্রশাসনকে সঠিক তথ্য দেওয়ার জন্য জনগণকে প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে। তবে সচেতনতা সৃষ্টির নামে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।"
এমপি শহিদুল ইসলাম খান বাবুল আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধ কিংবা মাদক কারবারে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার একমাত্র এখতিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাই মাদক কারবারি বা অভিযুক্তদের মারধর না করে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রশাসনের কাছে তুলে ধরতে হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি একটি নতুন তথ্য দিয়ে জানান, মাদকবিরোধী বর্তমান আইনকে আরও কঠোর, কার্যকর ও যুগোপযোগী করতে জাতীয় সংসদে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে আরও যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হবে।
সবশেষে তিনি সবাইকে শান্তিপূর্ণ, ধৈর্যশীল ও আইনসম্মত উপায়ে সমাজ থেকে মাদক নির্মূলে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি মনে করেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে আইনি কাঠামোর ভেতরে থেকেই।
এআইএল/সকালবেলা