
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় এবং ভুক্তভোগীর পরিবারের সন্তুষ্টির প্রসঙ্গ তুলে বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তবে আইনমন্ত্রীর এই বক্তব্য শেষ হওয়ার পরপরই স্পিকারের কঠোর হস্তক্ষেপে সংসদে এক ভিন্নধর্মী ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার সাফ জানিয়ে দেন, সংসদ অধিবেশনে এসব ব্যক্তিগত মন্তব্য বা কে কী বলল তা টেনে আনার কোনো প্রয়োজন নেই এবং এখনই এটিকে চূড়ান্ত সাফল্য ভাবারও সুযোগ নেই।
আজ রবিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর ও আলোচনা পর্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যা মামলার রায় এবং এর বিচারিক প্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন। তিনি সংসদকে অবহিত করে বলেন, "শিশু রামিসার বাবা শুরুতে দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা নেই বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন, কিন্তু মাত্র ৬ কার্যদিবসের মধ্যে এই ঐতিহাসিক রায় ঘোষণার পর এখন তিনি পুরোপুরি সন্তুষ্ট। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভুক্তভোগীর পরিবারকে এই রায় দিতে পেরেছি।" এই দ্রুততম রায়কে সরকারের একটি বড় পদক্ষেপ হিসেবে তিনি তুলে ধরেন।
আইনমন্ত্রীর এই আত্মতুষ্টিমূলক বক্তব্যের পরপরই স্পিকার ফ্লোর নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। স্পিকার বলেন, "রামিসার বাবা কী বলল আর কী বলল না, সেইসব কথা এখানে (সংসদে) টেনে এনে বলার বা আলোচনার কোনো দরকার নেই।"
আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে স্পিকার আরও সতর্ক ও বিরক্তি প্রকাশ করে বলেন, "সামনে দেশে আরও বহু মামলার বিচার কাজ বাকি রয়েছে। আইন মন্ত্রণালয়ের কাজ এখনো অনেক। তাই একটি মামলার রায় দিয়ে এখনই এটিকে নিজেদের চূড়ান্ত ‘সাকসেস’ বা বড় সাফল্য মনে করার কোনো কারণ নেই।" স্পিকারের এই কঠোর ও নিরপেক্ষ নির্দেশনার পর সংসদে এক পিনপতন নীরবতা নেমে আসে এবং আইনমন্ত্রী আসন গ্রহণ করেন।