
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে রেলওয়ে থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২২টি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার (৬ জুন) বিকেলে ও সন্ধ্যায় জামালপুর ও ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল স্টেশন প্ল্যাটফর্মে অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময় মো. মোজাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১০টি টিকিটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
এর আগে, একই দিন বিকেলে পুলিশের অন্য একটি দল ইসলামপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ১২টি টিকিটসহ মেহেদি হাসান সম্পদ (২১) নামে আরও এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা পরিচিত বিভিন্ন লোকজনের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অনলাইনের মাধ্যমে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখতেন। পরবর্তীতে সাধারণ যাত্রীদের সংকটের সুযোগ নিয়ে দ্বিগুণ দামে সেই টিকিটগুলো বিক্রি করতেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে জামালপুর ও ইসলামপুর রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। টিকিট কালোবাজারি রুখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা