
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় নিজের শয়নকক্ষ থেকে নিখোঁজের তিন দিন পর ইরফান আহমেদ রিপাত (৩২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার (৬ জুন) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপাত দাগনভূঞা-বসুরহাট সড়ক সংলগ্ন পৌর ২ নং ওয়ার্ডের ইউনুছ ডাক্তার বাড়ির আতিক উল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবক রিপাত গত ৩-৪ দিন ধরে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ও নিখোঁজ ছিলেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে তাঁর বন্ধ ঘর থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন প্রতিবেশীরা। সন্দেহ হলে তাঁরা তাৎক্ষণিকভাবে দাগনভূঞা থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিছানায় তাঁর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো হওয়ায় পচন ধরেছে। এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
এআইএল/সকালবেলা