
মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণ চেষ্টা মামলার হাজিরা দিয়ে বাড়িতে এসে ভিকটিমকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। মামলা না তোলায় হাছনা আক্তার (৪৫) নামে এক বিধবা নারীকে রাতের অন্ধকারে হাত-মুখ বেঁধে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বর্তমানে ওই নারী ও তাঁর পরিবার আসামিদের ভয়ে ঘরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।
উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা রেকর্ড না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত কাছুম আলীর স্ত্রী হাছনা আক্তারকে একই গ্রামের মৃত জাহেদ মুন্সির ছেলে মো: জমশেদ আলী ধর্ষণের চেষ্টা চালায়। ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ১১ মার্চ ২০২৫ তারিখে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জমশেদ আলীকে একমাত্র অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে হাজিরা দিয়ে বাড়িতে আসার পর থেকেই জমশেদ আলী বিধবা হাছনা আক্তারকে মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি-ধমকি দিয়ে আসছিল এবং তাঁর পথচলায় বাধা সৃষ্টি করছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হাছনা আক্তার তাঁর বসতঘরের পেছনে রান্নাঘরে মাংসের তরকারি গরম করছিলেন। এ সময় সুকৌশলে রান্নাঘরে প্রবেশ করে জমশেদসহ অজ্ঞাতনামা আরও 3-৪ জন দুষ্কৃতকারী। তারা হাছনা আক্তারের গায়ের ওড়না দিয়ে তাঁর হাত ও মুখ বেঁধে মারপিট ও শ্লীলতাহানি করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ির পেছনের একটি ডোবার পানিতে নিয়ে চুবিয়ে মারার চেষ্টা করে। তাঁর গোঙানি ও গোঙানির শব্দে পাশের বাড়ির লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে অজ্ঞান অবস্থায় পানি থেকে উদ্ধার করে।
প্রথমে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আসামিদের ভয়ে তিনি বর্তমানে বাবার বাড়িতে দিনাতিপাত করছেন। ভুক্তভোগী জানান, হামলার সময় দুর্বৃত্তরা তাঁর শরীর থেকে আনুমানিক ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।
আজ রোববার (৭ জুন) ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে ভিকটিমকে পানি থেকে উদ্ধারের সত্যতা পাওয়া যায়। পানি থেকে উদ্ধারকারী হোসাইন মিয়া বলেন, "সেদিন রাতে খুব গরম থাকায় আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার ও বাঁচাও বাঁচাও শব্দ শুনে আমি এগিয়ে যাই এবং নিজেও চিৎকার শুরু করি। পরে আশপাশের লোকজন এসে উনাকে অজ্ঞান অবস্থায় পানি থেকে উদ্ধার করে। তবে অন্ধকারে কারা এই কাজ করেছে, তা আমি দেখিনি।"
ভিকটিমের ছেলে সবল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা এখন লজ্জায় সমাজে মুখ দেখাতে পারছি না। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। মা মামলা করার পর থেকেই তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। কয়েকদিন আগে মাকে পানিতে চুবিয়ে মারতে চাইল। আমরা থানায় অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নিচ্ছে না। আমরা সপরিবারে এখন নানার বাড়িতে পালিয়ে আছি।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জমশেদ আলী বলেন, "আমি জানি না তাঁর সাথে আমার কী শত্রুতা। আমাকে ও আমার পরিবারকে অহেতুক মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি নিজেই শ্বাসকষ্টের রোগী। ঘটনার সময় আমার ভাগ্নেবউ চম্পা আক্তার আমার সাথেই বসা ছিল।" ভাগ্নেবউ চম্পা আক্তারও জমশেদ আলীর দাবি সমর্থন করে বলেন, ঘটনার সময় জমশেদ মিয়া তাঁর সাথেই বসা ছিলেন।
ঐ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রহিছ মিয়া বলেন, "একটি অসহায় পরিবারের ওপর এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা লজ্জিত। যে বা যারাই এই জঘন্য ঘটনার সাথে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।"
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মদন থানার এএসআই খোরশেদ বলেন, "আমি বিষয়টি সরজমিনে তদন্ত করে এসেছি। তবে ভুক্তভোগী পরিবারটি থানায় না এসে এদিক-সেদিক ঘুরছে। তাদের থানায় আসতে বলা হয়েছে।"
এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার দাস জানান, "এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনও আমার টেবিলে আসেনি বা আমার নজরে পড়েনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এআইএল/সকালবেলা