
নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে পাচারকারীসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (৬ জুন) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটক পাচারকারীর নাম সিলভার চাকমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া কিশোরী রাত্রি সরকার (১৪) একই উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সীমান্ত এলাকায় পুশ-ইন, অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ শনিবার সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১১show/৮-এস সংলগ্ন ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে ওই কিশোরী ও পাচারকারীকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পেরেছে, উদ্ধার হওয়া কিশোরী রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতের বিভিন্ন এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। ওপারে থাকা তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে পাচারকারী সিলভার চাকমার সহায়তা নেয়। সিলভার চাকমা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে মানবপাচারের অভিযোগে আটক পাচারকারী সিলভার চাকমা এবং উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা