
অনলাইন ডেস্ক: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
আজ শনিবার (৬ জুন) ভোরে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া সীমান্তের ২৮৮/৩০ এস সীমানা পিলারের পাশে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে কোনো নাগরিককে যেন বাংলাদেশে ঠেলে পাঠানো না যায়, সেজন্য শুক্রবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ সীমান্তে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। আজ ভোর রাত তিনটার দিকে চৌঘুরিয়া সীমান্তের ২৮৮/৩০ এস পিলার থেকে আনুমানিক ২২০ গজ দক্ষিণে এবং ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের নর্থ আগ্রা ক্যাম্পের পাশে ভারতের অভ্যন্তরে একটি ফাঁকা মাঠে পাঁচজন ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা যায়।
এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা বাঁশিতে ফুঁ দিয়ে তাঁদের সতর্ক সংকেত দেন। বিজিবির বাঁশির শব্দ শুনে ওই ব্যক্তিরা প্রথমে সীমান্তের কাশবনে লুকিয়ে পড়েন এবং পরবর্তীতে তারা ভারতের বিএসএফ ক্যাম্পের দিকেই ফিরে চলে যান। আজ সকাল থেকে সীমান্তে ভারতীয় নাগরিকদের এই অবৈধ পুশ-ইন ঠেকাতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করার পাশাপাশি টহল আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্তে নজরদারি বাড়াতে সীমানা পিলার ২৮৮/৩০ এস এবং ২৮৮/২৭ এস পিলারের পাশে দ্রুত অস্থায়ী টহলবক্স নির্মাণের পরিকল্পনা করছে বিজিবি কর্তৃপক্ষ। জানা গেছে, ভারত থেকে অবৈধ উপায়ে লোকজন বাংলাদেশে ঠেলে পাঠানোর এই চেষ্টা প্রতিরোধে গত দুই সপ্তাহ ধরেই সীমান্তে কড়া সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
সীমান্তে বিএসএফের এই অপতৎপরতা রুখতে বাংলাদেশ সীমান্তের চৌঘুরিয়া ও দক্ষিণ দামোদরপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছে বিজিবির পক্ষ থেকে বিশেষ সহযোগিতা চাওয়া হয়েছে। চৌঘুরিয়া গ্রামের প্রবীণ বাসিন্দা আবদুর রাজ্জাক (৭২) বলেন, "ভারতের বিএসএফ যদি তাদের দেশের নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা গ্রামবাসী বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করব এবং তাঁদের আবার ভারতে ফেরত পাঠাব।" এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, "আজ ভোরে চৌঘুরিয়া সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২২০ গজ দূরে ভারতের অভ্যন্তর থেকে পাঁচজনকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাধা দিলে তারা আবার ভারতে ফিরে যায়। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"