
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ‘কেপিজি’ (KPG) নামের একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক এবং একজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। গত কয়েক দিন আগে জেলা শহরে একটি কিশোর গ্যাং প্রকাশ্যে বড় ধরনের শোডাউন করে। এসব গ্রুপের সদস্যরা এলাকায় ইভটিজিং, ছিনতাই ও নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে মাইজদী পৌরবাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করে সুধারাম মডেল থানা-পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “কেপিজি নামে পরিচিত একটি গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছিল। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট সুনির্দিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার সকালে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। কিশোর অপরাধ দমনে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা