
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে পত্নীতলা থানার হলাকান্দর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার হলাকান্দর গ্রামের মো. সলেমানের দুই ছেলে মো. আব্দুর রহমান ও মো. আজাহার।
পুলিশ জানায়, মাদক আইনের একটি মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজা ঘোষণার পর থেকেই এই দুই ভাই গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে তাঁদের নিজ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পত্নীতলা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এমন ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা