
অনলাইন ডেস্ক: সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনের সময় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’-এ ভূষিত করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। আজ শনিবার (৬ জুন) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত এই বীর শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই শান্তিরক্ষীদের অসামান্য সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করে।
সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশের সেই ৬ জন বীর শান্তিরক্ষী হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মণ্ডল। তারা গত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে বিশ্ব শান্তিরক্ষায় দায়িত্ব পালনের সময় একটি আকস্মিক ড্রোন হামলায় নিহত হন।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বজুড়ে দায়িত্ব পালনের সময় নিহত হওয়া প্রায় চার হাজার ৫০০ জন শান্তিরক্ষীর স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সাথে তিনি বর্তমানে বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ মিশনে কর্মরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীর অনবদ্য অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন। উল্লেখ্য, চলতি বছর বিশ্বের ৩৩টি সদস্য রাষ্ট্রের মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। ড্যাগ হ্যামারশোল্ড পদকটি ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রবর্তিত একটি বিশেষ মরণোত্তর সম্মাননা, যা বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গকারী সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের ত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর প্রদান করা হয়।