
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মো. বাবু মিয়া নামের এক চিহ্নিত ও শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. বাবু মিয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন একটি গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কাশিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে বাবু মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে মোট ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পুলিশ।
বিজয়নগর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবু মিয়া সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সাথে দীর্ঘ দিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিজয়নগর থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজয়নগর থানা পুলিশের এমন মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা