
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণের পর ধর্ষণ এবং পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ ও মাহবুব নামের দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার জানায়, গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাধবদী উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে অভিযুক্ত মাহবুবের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানায়, বুধবার রাতে গার্মেন্টস-এ ডিউটি শেষে সে স্বাভাবিকভাবে বাড়ি ফিরছিল। পথে মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুব নামের দুই যুবক তার গতিরোধ করে এবং তাকে জোরপূর্বক অপহরণ করে মাহবুবের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ওই কিশোরীর ওপর পাশবিক যৌন নির্যাতন চালানো হয়।
অভিযোগে আরও জানা যায়, ধর্ষণের পর অভিযুক্তরা পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ভয়ভীতি দেখিয়ে রাতেই ভুক্তভোগীর পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। পরবর্তীতে পরিবারটি চরম অসহায়ত্বের মুখে যুবকদের নগদ দুই হাজার টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করে এবং রাতেই বিষয়টি মাধবদী থানা পুলিশকে অবহিত করে।
অভিযুক্ত যুবকেরা হলেন— মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মাহবুব।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ে নামে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের মধ্যে মাহবুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।"
তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামি মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা