
ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহ উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার পূর্ব দাগী কাঠালতলী গ্রামের মো. জাহাঙ্গীর (৩৬) গত ১ জুন দুপুর আনুমানিক ১টার দিকে তাঁর বসতবাড়িতে হামলার শিকার হন। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে এই তাণ্ডব চালায়।
জাহাঙ্গীরের দাবি, হামলার সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসলে তাঁর বাবা মো. বেলাল মণ্ডল (৬৫) এবং চাচা মো. হেলাল (৫২) প্রতিপক্ষের মারধরের শিকার হন। এছাড়া তাঁদের বাঁচাতে গিয়ে চাচী হাজেরা খাতুনও আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা জাহাঙ্গীরের বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একই সাথে ঘরে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পাশাপাশি জাহাঙ্গীরের চাচী হাজেরা খাতুনের গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক ও জরুরি চিকিৎসা গ্রহণ শেষে ভুক্তভোগী মো. জাহাঙ্গীর বাদী হয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা