
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য কপিল উদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের লোকজন রামদা, ঢাল, ভেলাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশের একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
শৈলকুপা থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর নতুন করে সহিংসতা এড়াতে বিষ্ণুপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা