
বিশেষ প্রতিবেদক: কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আমিরুল ইসলামের বিরুদ্ধে কাজ না করেই শত কোটি টাকার অগ্রীম বিল প্রদান ও কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০২১ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন তৎকালীন সরকারের উচ্চমহলের ছত্রছায়ায় তিনি এই অনিয়ম করেন বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, মো: আমিরুল ইসলাম কিশোরগঞ্জে থাকাকালীন ‘হাওর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ (HILIP)-এর আওতায় কোনো কাজ না করেই ভুয়া এলসিএস (LCS) কমিটির মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের এলাকা ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামে কোটি কোটি টাকা উত্তোলন করেছেন। এছাড়া তাঁর মেয়াদে অত্যন্ত নিম্নমানের সাবমার্জিবল রোড (ডুবন্ত সড়ক) নির্মাণ করা হয়, যা মাত্র ১ বছরের মধ্যে অস্তিত্বহীন হয়ে পড়ে। ময়মনসিংহ অঞ্চল উন্নয়ন প্রকল্প, আমফান প্রকল্প, আইআরআইডিপি প্রকল্প ও জিওবি মেইন্টেনেন্সসহ বিভিন্ন প্রকল্পে কাজ না করিয়েই তিনি শত শত কোটি টাকার অগ্রীম বিল প্রদান করেন এবং বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে বিপুল অঙ্কের অবৈধ সুবিধা গ্রহণ করেন।
নথিসূত্রে তাঁর আমলের দুটি প্রকল্পের অগ্রীম বিল প্রদানের চিত্র পাওয়া গেছে, যা তাঁর সামগ্রিক অনিয়মের তুলনায় খুবই সামান্য: ১. অষ্টগ্রাম উপজেলা: ময়মনসিংহ অঞ্চল প্রকল্পের আওতায় আব্দুল্লাহপুর উত্তরপাড়া থেকে ঘোষের কান্দি ২ কিলোমিটার সড়ক নির্মাণে ‘সরকার কনস্ট্রাকশন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ ছাড়াই ১ কোটি ৯০ লক্ষ টাকা অগ্রীম বিল দেওয়া হয়। ২. মিঠামইন উপজেলা: আমফান প্রকল্পের আওতায় কাঠখাল বাজার থেকে বৈরাটি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ‘মোজাহার এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা অগ্রীম বিল প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন তৎকালীন রাষ্ট্রপতি জনাব মো: আব্দুল হামিদ এবং তাঁর ছেলেদের ছত্রছায়ায় থেকে প্রকৌশলী আমিরুল এলজিইডির প্রধান প্রকৌশলী কিংবা প্রকল্প পরিচালক—কাউকেই পরোয়া করতেন না। তাঁর বিরুদ্ধে এলজিইডি, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে কয়েকবার তদন্ত কমিটি গঠিত হলেও তৎকালীন বঙ্গভবনের নির্দেশে তা ধামাচাপা পড়ে যায়। সচেতন মহলের দাবি, মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগসমূহ পুনঃতদন্ত করলেই এই বিশাল দুর্নীতির সত্যতা মিলবে। এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই প্রকৌশলী আমিরুল রাতারাতি খোলস বদলে এখন বিএনপির লোক সেজে নিজেকে রক্ষার চেষ্টা চালাচ্ছেন।
এআইএল/সকালবেলা