
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর মাটিকাটা নদী থেকে নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনে মাটিকাটা নদীর (শেখেরঘাট) অংশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশে একটি পুকুর ভাড়া নিয়ে সেখানে মাছ চাষ করতেন।
নাঈমের বাবা জামাল উদ্দিন জানান, গত মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম তাঁর মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফিরে না আসায় বাবা তাঁর মোবাইলে কল দিলে নাঈম ফোনটি কেটে দেন। পরবর্তীতে আবারও কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনে মাটিকাটা নদীতে এক যুবকের হাত-পা বাঁধা লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমের লাশ উদ্ধার করে। নিখোঁজের সময় তাঁর পরনে একটি টি-শার্ট এবং শর্ট প্যান্ট ছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এআইএল/সকালবেলা