
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে প্রকাশ্যে মাদক সেবন করতে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২ জুন) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় স্বর্ণা আক্তার (১৩) নামের এক শিশু গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের এই ঘটনায় আহত অন্য ব্যক্তিরা হলেন— শামছুদ্দিন, রুহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, হালেম মিয়া, মিজান মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল, অলি আক্তার ও রাহেলা আক্তার। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি গত সোমবার বিকেলে হাওরের পাশে একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও জয় এবং তাদের দলবলকে মাদক সেবন করে মাতলামি করতে দেখে। এ সময় সানি তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করলে উভয়ের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে পরের দিন মঙ্গলবার রেজ্জাক ও শামীমের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
হাসপাতালে ভর্তি সানির চাচা মিজানুর রহমান ও হাফিজুল ইসলাম জানান, "রেজ্জাকের ছেলেরা তাদের দলবল নিয়ে সোমবার সন্ধ্যায় মাদক সেবন করে মাতলামি করছিল। আমার ভাতিজা সানি এতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে তিন পাড়ার লোকজন এক করে আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। এতে আমাদের পক্ষের নারী-শিশুসহ সবাই আহত হয়েছি। স্বর্ণা আক্তার নামের এক শিশু গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।"
অন্যদিকে, রেজ্জাক গ্রুপের জোবায়ের হোসেন মাদক সেবনের বিষয়টি অস্বীকার করে জানান, তাদের মধ্যে দুই দিন আগে অন্য একটি বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছিল, তবে মাদকের সাথে এর কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে জানতে চাইলে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, "আমি এই মুহূর্তে অফিশিয়াল কাজে নেত্রকোনা জেলা সদরে আছি। তবে পদমশ্রী গ্রামের সংঘর্ষের বিষয়টি আমরা জেনেছি। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এআইএল/সকালবেলা