
মোঃ ইমরুল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি ও সদর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক কৃষক ও এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩ জুন) বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামের বাসিন্দা সামছুদ্দিন (৬৫) বিকেলে নিজ গ্রামের পাশের মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় জীবন বাঁচাতে তিনি ও তাঁর মেয়ে হুমায়রা খাতুন মাঠের কাছের একটি গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু একপর্যায়ে সরাসরি বজ্রপাতের আঘাতে সামছুদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, সদর উপজেলার কোমর গ্রামের দিঘিপাড়া এলাকার বাসিন্দা কমল দাস (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পেশায় তিনি জয়পুরহাট আদালতের একজন দলিল লেখক ছিলেন। আজ বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে জয়পুরহাট শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট থানা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা