
অনলাইন ডেস্ক: দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির মর্যাদাপূর্ণ পদে বসতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সদস্য ১৯০টি দেশের অত্যন্ত গোপন ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে তিনি এই পদে জয়লাভ করেছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
জাতিসংঘের নিয়ম ও ক্যালেন্ডার অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি সময়ে খলিলুর রহমান এক বছরের জন্য এই বিশ্ব সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির প্রধান কাজ হলো সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনগুলো সুচারুভাবে পরিচালনা করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার আলোচনাকে সফলভাবে সমন্বয় করা। তিনি বিশ্বনেতাদের সামনে উত্থাপিত এজেন্ডাগুলোর ওপর আলোচনা ও বিতর্কের পর ভোটাভুটিতে বা সর্বসম্মতিক্রমে (কনসেনশাস) সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন।
জাতিসংঘের অর্থ পরিচালনার মূল কাজটি মোটাদাগে সাধারণ পরিষদই করে থাকে। প্রতি দুই বছর পর পর জাতিসংঘের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে এর অধীনে থাকা ছয়টি সংস্থার মোট বাজেট অনুমোদিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—জাতিসংঘের ‘পিস কিপিং’ বা শান্তিরক্ষা মিশন এর ম্যান্ডেট নিরাপত্তা পরিষদে পাস হলেও এর মূল বাজেটিং বা অর্থ বরাদ্দ হয় সাধারণ পরিষদে। এই ম্যান্ডেটরি বাজেট পাসের প্রক্রিয়ায় সভাপতির অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
চলতি বছরেই জাতিসংঘের বর্তমান সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেসের মেয়াদ (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে। তাঁর এই উত্তরসূরি বা নতুন মহাসচিব নির্বাচন প্রক্রিয়ার মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়কালটি খলিলুর রহমানের সভাপতিত্বেই সম্পন্ন হবে।
যখন বিশ্বের কোনো বড় সংকটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভেটো বা অন্য কোনো কারণে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখন সদস্য রাষ্ট্রগুলো সেই জরুরি প্রস্তাবটিকে সাধারণ পরিষদে নিয়ে আসে। তখন সভাপতি এই বিশেষ পরিস্থিতি ও প্রস্তাবটি সামাল দেন।
সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের প্রধান নির্বাহী প্রধান নন। জাতিসংঘের প্রধান প্রশাসনিক প্রধান হলেন সংস্থাটির মহাসচিব (সেক্রেটারি-জেনারেল) আন্তোনিও গুতেরেস। সাধারণ পরিষদের সভাপতির বাকি কাজগুলো মূলত বিশ্বমঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ বা প্রস্তাব পাস করা।