
মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার চেষ্টার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে ৪টি ডিঙ্গি নৌকা এবং শুঁটকির মাচা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) মোঃ মোস্তাকিম বিল্লাহ জানান, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর নির্দেশ মোতাবেক, প্রতিদিনের নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় অভিযানে নামে বনরক্ষীদের একটি দল। আনুমানিক সন্ধ্যা ৬:১৫ মিনিটে খালের ভেতরে সন্দেহভাজন ৪টি ডিঙ্গি নৌকার গতিবিধি লক্ষ্য করেন তারা।
বন বিভাগের স্পিডবোট ও নৌকাগুলোকে এগিয়ে আসতে দেখে ডিঙ্গি নৌকার আরোহীরা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়লে দুষ্কৃতকারীরা নৌকাগুলো নদীর তীরে রেখেই লোকালয়ের অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে বনরক্ষীরা পরিত্যক্ত ৪টি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং শুঁটকির মাচা তৈরি করার জন্য আনা বিপুল পরিমাণ বাঁশ, কাঠ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। আনুমানিক সন্ধ্যা ৬:২৫ মিনিটের মধ্যে জব্দকৃত সমস্ত মালামাল ও ডিঙ্গি নৌকা উদ্ধার প্রক্রিয়া শেষ করা হয়।
এসিএফ মোঃ মোস্তাকিম বিল্লাহ বলেন, "আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতী চক্রটি নৌকা রেখে পালিয়ে যায়। জব্দকৃত নৌকা ও মালামাল বর্তমানে অফিস হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় আমাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, গত ১ জুন থেকে সুন্দরবনে তিন মাসের জন্য সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এই ঘটনায় পলাতক অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআইএল/সকালবেলা