
মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গেছে। কোনো কোনো সূত্রের দাবি কালিগঞ্জের বসন্তপুর, আবার কেউ কেউ বলছেন সদরের কুশখালী সীমান্তে এই ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক দুইটার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যক্তি হলেন— সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
আহত মহিউদ্দীনের ছোট ভাই ইসরাত গাজী জানান, তাঁরা ভারতে রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েকদিন আগে তাঁরা ফোনে জানিয়েছিলেন যে, দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবেন। আজ সকালে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা তাঁদের নলতা এলাকায় ফেলে রেখে যান। খবর পেয়ে স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত শাহীন গাজী জানান, দালালের মাধ্যমে ভারত থেকে বাড়ি ফেরার পথে গত রাতে তাঁদের কোনো এক সীমান্তের পাটবাগানে নামিয়ে দেওয়া হয়েছিল। এরপর কী ঘটেছে তাঁরা আর কিছু জানেন না।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক বলেন, "গত রাতে আমি নিজে বসন্তপুর সীমান্তের বাঁশঝাড়িয়া এলাকায় ছিলাম। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। আহতদের সাথে কথা বললে বিস্তারিত জানা যাবে।"
অন্যদিকে, সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান চৌধুরী বলেন, "ঘটনাটি তদন্তের বিষয়। আমরা খোঁজখবর নিচ্ছি।" তবে কোন সীমান্তে এই ঘটনা ঘটেছে, তা তিনিও নিশ্চিত করতে পারেননি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"
তিনি আরও জানান, আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে ঠিক কোন সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটেছে, তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
এআইএল/সকালবেলা